প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 3, 2026 ইং
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ওসমান গনি মনসুর

নিজস্ব প্রতিবেদক:
দেশের সংবাদপত্র শিল্পের উন্নয়ন, সম্পাদকদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষার লক্ষ্যে গঠিত ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ডেইলি পিপলস ভিউ-এর সম্পাদক ও প্রকাশক ওসমান গনি মনসুর।
মঙ্গলবার (২ জুন) রাজধানীর দৈনিক আমার দেশ কার্যালয়ে দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সম্পাদকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সম্পাদকদের স্বার্থ সংরক্ষণ, সংবাদপত্র শিল্পের বিদ্যমান সংকট নিরসন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠনের ঘোষণা দেওয়া হয়।
সভায় প্রবীণ সাংবাদিক ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে একটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটিতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের পাশাপাশি ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুরকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
ওসমান গনি মনসুর দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাদার সাংবাদিকতা চর্চা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই মনোনয়ন সাংবাদিক সমাজে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
এদিকে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ওসমান গনি মনসুর সংগঠনের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সংবাদপত্র শিল্পের বিকাশ, সম্পাদকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় ন্যাশনাল এডিটরস কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত এ সংগঠনটি দেশের সম্পাদকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা, সংবাদপত্র শিল্পের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা এবং গণমাধ্যমবান্ধব পরিবেশ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট